Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
অন্যান্য

খালি ৪৭ আসন বণ্টন নিয়ে যা জানাল ১০ দলীয় জোট

খালি ৪৭ আসন বণ্টন নিয়ে যা জানাল ১০ দলীয় জোট

মুক্তকাল ডেক্স:
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটে খালি থাকা ৪৭টি আসন কীভাবে বণ্টন হবে সে বিষয়ে অবস্থান জানিয়েছে জোটের নেতারা। তারা জানিয়েছেন, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখনো জোটে ফেরার সুযোগ রাখা হয়েছে। তবে তারা শেষ পর্যন্ত জোটে না এলে শক্তিশালী সাংগঠনিক অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে এসব আসন বণ্টন করা হবে।
শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন নেই। বরং পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, এতে ভোটের মাঠে বড় কোনো প্রভাব পড়বে না।
শরিয়াহ আইন বাস্তবায়ন নিয়ে ইসলামী আন্দোলনের বক্তব্যকে সঠিক নয় বলেও মন্তব্য করেন মামুনুল হক। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতেই এই জোট গঠিত হয়েছে এবং আদর্শিক অবস্থান থেকে কেউ সরে আসেনি।
তিনি আরও জানান, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি পুনরায় জোটে ফিরতে চায়, তাহলে তাদের স্বাগত জানানো হবে। অন্যথায় খালি আসনগুলো যোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনায় বণ্টন করা হবে।
একই স্থানে পৃথক প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ দলীয় নির্বাচনি ঐক্যে চরমোনাই পীরের দলের যোগদানের সম্ভাবনা এখনো উন্মুক্ত রয়েছে। তিনি জানান, খালি ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

Advertisement
Advertisement