Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলায় জামায়াতের তীব্র নিন্দা

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলায় জামায়াতের তীব্র নিন্দা

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে চন্দনাইশ এলাকায় দুর্বৃত্তরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে থাকা মাঈনুদ্দিন নামের আরেক যুবকের ওপর লাঠিসোটা ও চাকু নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা দুজনই গুরুতরভাবে আহত হন। এই নৃশংস ও সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো জাতির জন্য অশনিসংকেত। এটি কেবল একজন জুলাইযোদ্ধার ওপর আঘাত নয়, বরং গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি হামলা।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যের অজুহাতে সহিংসতা ও সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে দেশের নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিবৃতিতে আহত হাসনাত আব্দুল্লাহ ও মাঈনুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
অ্যাডভোকেট জুবায়ের অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Advertisement
Advertisement