মুক্তকাল ডেক্স:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি শীর্ষ পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। এতে শীর্ষ পদগুলোতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা পরাজিত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১২টার দিকে ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ফলে আরিফ ৩ হাজার ২৬৭ ভোটের বড় ব্যবধানে জয়ী হন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তিনি ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিলকে ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।
এছাড়া আরও ৮টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থীরা। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন খাতুন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন নাওয়ার জয়া এবং ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাঈম জয়ী হন।
অন্যদিকে, শীর্ষ পদে জয় না পেলেও ছাত্রদল সমর্থিত নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদ তিনটি পদে বিজয় অর্জন করে। পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে সাতটির মধ্যে চারটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন ফাতেমা আক্তার। এছাড়া মো. আকিব হাসাম, শান্তা আক্তার ও আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হন। বাকি তিন সদস্যের মধ্যে সাদমান সাম্য ও ইমরান হাসান ইমন ছাত্রদল সমর্থিত এবং মো. জাহিদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেন।
উল্লেখ্য, কয়েক দফা স্থগিতের পর মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচন। এতে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ১৯০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জকসু নির্বাচনে ভিপিসহ তিন শীর্ষ পদে শিবিরের নিরঙ্কুশ জয়




