হৃদয় আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডিজে পার্টির আয়োজনকালে খিচুড়ি রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন তিন বন্ধু। এ ঘটনায় একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান শাওন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন তারাকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে পারভেজ আহমেদ (১৮), রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং কান্দারপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শিহাব উদ্দিন (১৯)।
আহত শরিফুল ইসলাম জানান, শীতের রাতে বিনোদনের উদ্দেশ্যে কয়েকজন বন্ধু মিলে একটি ডিজে পার্টির আয়োজন করছিলেন। এ সময় খাবারের জন্য খিচুড়ি রান্না করতে চুলায় লাকড়ি জ্বালানো হয়। আগুন ঠিকভাবে না জ্বলায় দ্রুত জ্বালানোর জন্য লাকড়ির ওপর থিনার ঢাললে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন দগ্ধ হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান শাওন জানান, রাতে অগ্নিদগ্ধ অবস্থায় তিনজন যুবক হাসপাতালে আসেন। তাদের মধ্যে পারভেজ আহমেদের শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে পুড়ে গেছে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।




