Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

মাদারগঞ্জে একই বাড়িতে দুই মাসে দ্বিতীয়বার চুরি: আতঙ্কে শিক্ষক পরিবার

মাদারগঞ্জে একই বাড়িতে দুই মাসে দ্বিতীয়বার চুরি: আতঙ্কে শিক্ষক পরিবার

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একই বাড়িতে দুই মাসের ব্যবধানে ফের চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এক স্কুলশিক্ষক তার দেবর ও ভাসুরসহ ছয়জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

ভুক্তভোগী তানজিনা আফরোজ রিক্তা বেগম (৪৫) বৃহস্পতিবার রাত ৯টার দিকে থানায় অভিযোগ করেন। অভিযোগে কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকার সাজাহান (৬৪), সুলতান (৭০), দুলাল (৬২), ইব্রাহিম (৪৮), মিনহাজ (৪২) ও ফাহিমা (৩৭)-কে বিবাদী করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় এক প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রিক্তা বেগম জানতে পারেন তার বাড়ির তালা ভেঙে মালামাল লুটপাট করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে অভিযুক্ত দেবর ও ভাসুরসহ অন্যরা ঘরে প্রবেশ করে এলইডি টিভি, ফ্রিজ, পানির মোটর, আইপিএস, ধান, চালসহ আলমারি ও আলনায় থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে একই বাড়িতে প্রায় দুই মাস পূর্বে চুরির ঘটনা ঘটে, যা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। একই বাড়িতে পুনঃপুন চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী রিক্তা বেগম বলেন, “দীর্ঘদিন ধরে আমার দেবর ও ভাসুর আমাদের সঙ্গে শত্রুতা করে আসছে। স্বামী অসুস্থ থাকাকালে চিকিৎসা করাতেও তারা বাধা দিয়েছে। স্বামীর মৃত্যুর পর তাদের নির্যাতনের কারণে নিজ বাড়িতে থাকতে পারছি না। আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেও ভয়ে মায়ের বাড়ি থেকে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। জমি দখল ও সর্বস্ব লুটের উদ্দেশ্যেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।”

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Advertisement