Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
অন্যান্য

হাদিকে গুলি: নির্বাচন বানচাল করার চক্রান্তের অংশ—মির্জা ফখরুল

হাদিকে গুলি: নির্বাচন বানচাল করার চক্রান্তের অংশ—মির্জা ফখরুল

Oplus_131072

বিশেষ প্রতিনিধি:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এটি নির্বাচন বানচালের চক্রান্তেরই অংশ। নির্বাচনকে বিভ্রান্ত ও নষ্ট করার জন্য অশুভ শক্তি আবার সক্রিয় হয়েছে।”

Advertisement

শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। আজ ইনকিলাব মঞ্চের প্রার্থীকে গুলি করা হলো। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিন। নির্বাচনকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।”

বিএনপি মহাসচিব আরও জানান, “এই ঘটনার প্রতিবাদে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন।”

আসন্ন নির্বাচনের প্রতি বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা নির্বাচন এবং নির্বাচনের পরে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছি। আমরা বিশ্বাস করি, দেশের মানুষ গণতন্ত্র ও লিবারেল ডেমোক্রেসির পক্ষে রায় দেবে। উগ্রতার কোনো স্থান বাংলাদেশে নেই এবং থাকবে না।”

সভায় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Advertisement