হৃদয় আহম্মেদ স্টাফ রিপোর্টার:
জামালপুরের সুপরিচিত সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শওকত আলম মীর।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে তাঁর আগমন উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ কলেজ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন। কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান বিবেক ও সদস্য সচিব নাজমুল হাসান নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে সাদরে বরণ করেন। এ সময় জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি সানাউল্লাহসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যক্ষ শওকত আলম মীর শিক্ষার প্রতি নিষ্ঠা, অধ্যবসায় ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব, যখন শিক্ষক-শিক্ষার্থী একসঙ্গে উন্নতির লক্ষ্যকে সামনে রেখে কাজ করে।
তাঁর প্রেরণাদায়ক বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেয়। কলেজের শিক্ষক ও ছাত্রদের প্রত্যাশা নবনিযুক্ত এই অধ্যক্ষের নেতৃত্বে আশেক মাহমুদ কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীলতায় আরও সমৃদ্ধ হবে।




