সাইদুর রহমান, জামালপুর শহর প্রতিনিধি
জামালপুর শহরের সুপরিচিত এলাকা শেখেরভিটায় আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন “আল মাসুম জেনারেল হাসপাতাল”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠান।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হাসপাতালের নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আল-মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার অর্থ সম্পাদক এড. ছামিউল ইসলাম, সাবেক আমীর আ ফ ম নুরুল ইসলাম, শুরা সদস্য জুলফিকার আলী ও মাওলানা মেছবাহুল রহমান কাউছার, জামালপুর শহর আমীর আল ইমরান সুজন, শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদ এবং সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ রেজা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আফজাল মাহমুদ, ডিএমডি, আল মাসুম জেনারেল হাসপাতাল, হাসপাতালের অন্যান্য পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও গণ্যমান্য অতিথিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবার অন্যতম মহৎ ক্ষেত্র। রোগীর মুখে হাসি ফিরিয়ে আনার চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না। তাঁরা বলেন, আল মাসুম জেনারেল হাসপাতাল যেন শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান না হয়ে মানুষের পাশে দাঁড়ানো এক নিবেদিত স্বাস্থ্যকেন্দ্র হিসেবে কাজ করে — সেই প্রত্যাশা আমাদের।
প্রধান অতিথি মাওলানা আব্দুস সাত্তার বলেন, “অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এই হাসপাতাল যদি সেবা, সততা ও সহমর্মিতাকে মূল ভিত্তি হিসেবে ধরে এগিয়ে যায়, তাহলে জামালপুরবাসীর আস্থা অর্জন করতে পারবে।”
সভাপতির বক্তব্যে আল-মাসুম বলেন, “আমরা মুনাফার জন্য নয়, মানুষের সেবার জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা। ইনশাআল্লাহ, আমাদের চিকিৎসক ও সেবাকর্মীরা মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন।”
অনুষ্ঠানে আরও জানানো হয়, হাসপাতালটিতে আধুনিক ল্যাব, এক্স-রে, ইসিজি, ওষুধ সরবরাহ ও জরুরি সেবাসহ ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে হাসপাতালের সফলতা কামনা করা হয়। পরে অতিথিদের মাঝে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




