কে এম আহসান, শেরপুর প্রতিনিধি: বিশিষ্ট আলোকচিত্রী, সাংবাদিক, কবি, লেখক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি পরিবেশ বিষয়ক ২০২৪ সালের বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন।
সেই সাথে বর্তমান সংকটময় বৈশ্বিক পরিস্থিতিতে বিশেষ করে বাংলাদেশে প্রকৃতি মাতার সবচেয়ে অবিশ্বাস্য এবং হুমকির সম্মুখীন স্থান এবং প্রজাতি রক্ষায় উদার অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে (মনি) সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
আজ সোমবার ঢাকার ধানমন্ডিতে নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ (এন.এস.এস.বি) এর উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া মুগনিউর রহমান মনি’র হাতে পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার ডিরেক্টর ক্যাপ্টেন কাওছার মোস্তফা, সেক্রেটারী জেনারেল সোহান সাইয়্যিদ, ডোনার মেম্বার সালমান বিন সুলতান, লাইফ মেম্বার ডা. মো. নিহাল রহমান, সাংবাদিক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কে. এম. এ. হাসনাত, তিমু হোসেন প্রমুখ।
মুগনিউর রহমান মনি শেরপুর বার্ড ক্লাব, সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার্ এন্ড এন্ভাইরন্মেন্ট্ (শাইন্) সহ বিভিন্ন প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ এবং প্রকৃতি সুরক্ষায় দুই যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নেচার এবং ওয়াইল্ড লাইফের প্রেমে পড়ে এসবের ছবি তুলছেন সেই ১৯৮৮ সাল থেকে এবং এর উপর পাঠ নিচ্ছেন প্রতিনিয়ত।
