জামালপুরের মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নূরনবী (৪৬) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে মাদারগঞ্জ পৌর এলাকার জুনাইল বাজারে নিজের ওয়ার্কশপে কাজ করার সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে জামালপুরে রেফার্ড করেন। জামালপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নূরনবী মাদারগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জুনাইল পক্ষীমারি ফকিরবাড়ি এলাকার মতি ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জুনাইল বাজারে ওয়ার্কশপের ব্যবসা করে আসছিলেন।
নূরনবীর মরদেহ বাড়িতে নিয়ে আসার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখতে আশপাশের এলাকার শত শত মানুষ তার বাড়িতে ভিড় করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়ের নির্দেশনায় এসআই ওয়াজিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
