Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ভাঙা ঘরেই মানবেতর জীবন, অসুস্থ দম্পতির মানবিক আবেদন

মাদারগঞ্জে ভাঙা ঘরেই মানবেতর জীবন, অসুস্থ দম্পতির মানবিক আবেদন

জামালপুরের মাদারগঞ্জে ভাঙা ঘরেই মানবেতর জীবনযাপন করছেন অসুস্থ ও অসহায় এক বৃদ্ধ দম্পতি। বৃষ্টি এলেই টিনের ছিদ্র দিয়ে ঘরের ভেতর পানি পড়ে। সেই জরাজীর্ণ ঘরটিই এখন তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই।

রোববার দুপুরে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ আইগেনি পাড়া এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

Advertisement

অসহায় এই দম্পতির একজন ৬৫ বছর বয়সী আজহার আলী। একসময় দিনমজুরের কাজ করে সংসার চালাতেন তিনি। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারেন না। কর্মক্ষমতা হারিয়ে বর্তমানে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।

আজহার আলীর একমাত্র ছেলে থাকলেও তিনি স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করেন। অসুস্থ বাবা-মায়ের তেমন খোঁজখবর রাখেন না বলে অভিযোগ করেন আজহার আলী ও তাঁর স্ত্রী। ফলে অনেকটাই অবহেলা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তাদের।

আজহার আলীর স্ত্রী এলেজা বেগম প্রায় ছয় মাস ধরে প্যারালাইসিসে আক্রান্ত। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকলেও নিয়মিত চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন অসহায় এই দম্পতি। তাদের জরাজীর্ণ ঘরটি সংস্কার এবং এলেজা বেগমের চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন।

মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌফিকুল ইসলাম খালেক বলেন, “আজহার আলীর স্ত্রী যদি প্যারালাইজড হয়ে থাকেন বা দুই পা অবশ হয়ে থাকে, তাহলে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে সমাজসেবা অফিস থেকে কিছু ওষুধপত্র দিয়ে সহযোগিতা করা যেতে পারে। আর্থিক সহযোগিতার জন্যও আবেদন করা যাবে, তবে বর্তমানে এ খাতে ফান্ড নেই।”

অসহায় এই দম্পতির পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement