মোঃ এনামুল হক
জামালপুরের ইসলামপুরে ভবিষ্যতে সুযোগ পেলে উপজেলা জুড়ে পূর্ব-পশ্চিমের কোনো বৈষম্য রাখা হবে না বলে মন্তব্য করেছেন ‘ওরা এগারোজন’ সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদ।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার জারুলতলা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, “আমার কাছে কোনো পূর্ব-পশ্চিম নেই, পুরো ইসলামপুরই আমার কাছে ইসলামপুর। ইসলামপুরকে পূর্ব-পশ্চিমে ভাগ করার কিছু নেই। ভবিষ্যতে সুযোগ পেলে পূর্ব-পশ্চিমের কোনো বৈষম্য রাখবো না।”
তিনি আরও বলেন, বর্তমান সংসদ সদস্যকে ইসলামপুরের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করা হবে। তবে উপজেলার কোনো এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজ না করে বিল উত্তোলনের মতো ঘটনা ঘটলে বিষয়টি তাকে অবগত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, উন্নয়নের ক্ষেত্রে ইসলামপুরের প্রতিটি এলাকা সমান গুরুত্ব পাবে। জনগণের স্বার্থে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
