জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ ঝুমুরি আক্তার (২০) নামে এক যুবতীর মরদেহ প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
নিহত ঝুমুরি আক্তার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবা গ্রামের আব্দুস সালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ঝুমুরি আক্তার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা নদে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন রোববার সকাল ৮টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু পানিতে ডুবে ওই যুবতীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
