Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

নৌযান শুমারি সফল করতে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি

নৌযান শুমারি সফল করতে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ রিপোর্টারঃ

নৌযান শুমারি ২০২৬ সফল করতে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় শহরের দেওয়ানপাড়া মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে নৌযান শুমারি কার্যক্রমের প্রচারাভিযানের উদ্বোধন করা হয়।

র‍্যালিতে জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শুমারিকর্মীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় ‘শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগানে নৌযান শুমারি ২০২৬-এর মূল শুমারির তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত নৌযান শুমারির মূল তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় শুমারিকর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে নৌযান ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করবেন।

র‍্যালিতে সভাপতিত্ব করেন জামালপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাব্বির আহমেদ।

তিনি বলেন, “নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের সঠিক ও হালনাগাদ তথ্য পাওয়া যাবে। শুমারিকর্মীরা যখন তথ্য সংগ্রহে যাবেন, তখন সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতেই দেশের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।”

তিনি আরও বলেন, “নৌযান শুমারি সফল করতে আমরা সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। শুমারিকর্মীদের দেওয়া তথ্য গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।”

জেলা প্রশাসন জামালপুরের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

Advertisement