জাবিপ্রবি প্রতিনিধি:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এক বছরের জন্য গঠিত এ কমিটিতে মো. তানভীর সিদ্দিকী সভাপতি এবং মো. সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, ৩০ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির পাশাপাশি তিনজন শিক্ষককে উপদেষ্টা এবং আটজন শিক্ষার্থীকে শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে, কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর বিদায়ী কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ৩০ সদস্যের মধ্য থেকে নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবেন। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বিদায়ী কমিটি সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। তবে এ সময়ে তারা কোনো নতুন নীতিগত বা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। সাধারণ সভায় অনুমোদনের তারিখ থেকেই এ গঠনতন্ত্র কার্যকর হবে।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সিজার রহমান এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক তোজাম হোসেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাদিয়া ইসলাম, সুমাইয়া ইসলাম, তানজিলা আক্তার মিম, তাহসিন, মোছাঃ মৌমিতা খাতুন, মোছাঃ আবিদা সুলতানা, মো. এহসানুল হক, নুর আলম, ওয়াহিদা ইয়াসমিন ও মো. সাব্বির হোসেন।
নবনির্বাচিত সভাপতি মো. তানভীর সিদ্দিকী বলেন, “সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতিকে জাবিপ্রবিতে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের জন্য একটি সেবামূলক, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা এবং সামাজিক, কল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি আন্তরিকতার সঙ্গে কাজ করবে।”
তিনি আরও বলেন, “সিরাজগঞ্জ জেলা থেকে জাবিপ্রবিতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন, তাদের সমস্যা-সমাধান এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”




