Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

মেলান্দহে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিবদের সঙ্গে ইসলামী ব্যাংকিং বিষয়ক মতবিনিময়

মেলান্দহে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিবদের সঙ্গে ইসলামী ব্যাংকিং বিষয়ক মতবিনিময়

সাজ্জাদ হোসাইন, শাহিন-স্টাফ রিপোর্টার:

গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে জামালপুরের মেলান্দহে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মেলান্দহ বাজার উপশাখার উদ্যোগে ইমাম, খতিব ও ওলামা-মাশায়েখদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গত ১৪ জুলাই মেলান্দহ বাজার উপশাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জামালপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার অ্যান্ড ম্যানেজার (অপারেশন) মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন একই শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাইদুর রহমান।
সভার উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মেলান্দহ বাজার উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ আশেক মাহমুদ শান্ত। তিনি বলেন, ইসলামী ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও কল্যাণমুখী আর্থিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের মধ্যে ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন আল-আমিন জামিরিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান আজাদী, মেলান্দহ সদর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান, আল-আমিন জামিরিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল ড. শফিকুল ইসলাম, মুফতি এহসানুল বারী, মুফতি সাইফুল ইসলাম, মুফতি মাহবুবুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও দাঈ আব্দুল বারী।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং সুদমুক্ত ও শরিয়াহসম্মত আর্থিক ব্যবস্থার একটি কার্যকর মডেল। এ ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি ও সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তাঁরা ইসলামী ব্যাংকের শরিয়াহসম্মত আমানত ও বিনিয়োগ কার্যক্রম, গ্রাহকবান্ধব সেবা এবং সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
সভায় উপস্থিত ইমাম, খতিব ও ওলামা-মাশায়েখদের ইসলামী অর্থব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ইসলামী ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুদমুক্ত অর্থব্যবস্থা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মতবিনিময় পর্বে অংশগ্রহণকারী ইমাম, খতিব ও ওলামা-মাশায়েখরা ইসলামী ব্যাংকিং বিষয়ক বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাঁরা গ্রাহকসেবামূলক এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement