Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

জাবিপ্রবির জামতলায় বহিরাগতদের মাদকসেবনের আলামত উদ্ধার, নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

জাবিপ্রবির জামতলায় বহিরাগতদের মাদকসেবনের আলামত উদ্ধার, নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রতিনিধি:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও মাদকসেবনের অভিযোগে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বহিরাগতদের উপস্থিতি শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডি ক্যাম্পাস পরিদর্শনে এলে শিক্ষার্থীরা তাদের কাছে চলমান পরিস্থিতির বিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ, নিয়মিত টহল জোরদার এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সন্ধ্যা নামলেই বহিরাগতদের আনাগোনা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। সন্ধ্যা থেকে গভীর রাত, এমনকি ভোর পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্পটে বহিরাগতদের অবস্থান করতে দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, গভীর রাতে বিজয়-২৪ হলের আশপাশ ও অভ্যন্তরেও তাদের বিচরণ লক্ষ্য করা গেছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল, আবাসিক নিরাপত্তা এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসের জামতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন বহিরাগত দ্রুত স্থান ত্যাগ করেন।
অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শন করে মাদকসেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতের মধ্যে ছিল দেশীয়ভাবে তৈরি ধূমপান-সামগ্রী এবং পোড়া টিস্যুসহ সন্দেহজনক কিছু উপকরণ, যা মাদকসেবনের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত এসব আলামত তাৎক্ষণিকভাবে উপস্থিত প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডিকে দেখানো হয়।
এ বিষয়ে উপস্থিত শিক্ষার্থীরা বলেন,
“বিশ্ববিদ্যালয় একটি উচ্চশিক্ষা ও গবেষণার স্থান। এখানে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ এবং মাদকসেবনের মতো ঘটনা শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। সম্প্রতি এমন ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
শিক্ষার্থীরা আরও জানান, ক্যাম্পাসের সংবেদনশীল এলাকাগুলোতে নিয়মিত নজরদারি, পরিচয় যাচাই এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার এবং বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পরও শিক্ষার্থীরা কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে নিরাপদ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
Advertisement