এহসানুল মাহবুব ।।
“আমার স্বপ্ন ও অধিকার অর্জনে” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরীদের অধিকার বিষয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনজিও ইএসডিও-এর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন, শিক্ষা গ্রহণের গুরুত্ব, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




