হৃদয় আহম্মেদ (শাওন),জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের ইটাইল গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী যুবলীগ ও যুবদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় নদীপাড়ের দুই শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।
আজ সোমবার ৩ নভেম্বর সকালে ইটাইল গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নারী-পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে, বাড়িঘর ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া ফারুক হাসান বলেন, এর আগে বালু তোলার কারণে আমাদের ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। এখন স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতারা মিলে আবার বালু তুলছে। আমার শেষ বসতভিটাটুকুও এখন নদীতে চলে যাওয়ার আশঙ্কা করছি।
স্থানীয় গৃহবধূ ফাতেমা বেগম বলেন, আমার বিয়ে হয়েছে ২৬ বছর। আগে নদী অনেক দূরে ছিল, কিন্তু যেদিন থেকে বালু তোলা শুরু হলো, সেদিন থেকেই নদী ভাঙন শুরু হয়। এখন আমাদের বসতভিটা আর গোরস্থান দুটোই হুমকির মুখে।
রাজিনা বেগম নামে আরেক নারী জানান, আমার তিন ছেলে, স্বামী নাই। তাদের পাঠানো টাকায় কোনোমতে সংসার চলে। আগের বালু তোলায় ফসলি জমি নদীতে গেয়েছে, এখন যদি বসতভিটাটাও যায়, তাহলে থাকার জায়গা থাকবে না। বালু তুলতে হলে আমার লাশের ওপর দিয়েই তুলুক।
এলাকাবাসীর অভিযোগ, ইটাইল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম ও আওয়ামী যুবলীগের ইউনিয়ন সহ-সভাপতি গোলাম ফারুক নান্নু সহ আরও কয়েকজন মিলে এই বালু উত্তোলনের কাজ পরিচালনা করছেন।
অভিযোগের বিষয়ে যুবদল নেতা শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, এটি সরকার অনুমোদিত নদী খননের প্রকল্প। ডিসি, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে জানেন। এলাকাবাসী না বুঝেই মানববন্ধন করেছে। তারা ব্যানারে অবৈধ বালু উত্তোলন লিখেছে, যা সম্পূর্ণ ভুল।
এলাকাবাসী প্রশাসনের কাছে অবিলম্বে বালু উত্তোলন বন্ধ এবং নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।




