বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাগলা হযরত (৩০) নামে এক যুবককে আটক করেছে ৩৫ ব্যাটালিয়ন বিজিবি।
বৃহস্পতিবার সকালে ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী রামরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
ধানুয়া কামালপুর বিওপির টহল দল রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে অভিযান চালিয়ে ইয়াবাসহ পাগলা হযরতকে আটক করে।
আটককৃত হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের ইমাম হোসেনের ছেলে। পরে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, সীমান্তে ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




