মুক্তকাল ডেস্ক | |
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসাগুলোতে আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা চর্চার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও নিজেকে উপস্থাপন করতে পারবে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পটিয়ায় শাহচান্দ আউলিয়া মাদ্রাসার সভাকক্ষে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “ইংরেজি ভাষা জানলে মাদ্রাসার শিক্ষার্থীরা ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদসহ বিভিন্ন আধুনিক পেশায় নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে। একইসঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে বিশ্ব দরবারে ইসলাম ধর্মের সঠিক রূপ তুলে ধরতে পারবে।”
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন খালিদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সরোয়ার আলম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
