Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
মুক্তদেশ

নতুন দলে থাকছেন না শিবিরের সাবেক নেতা জোনায়েদ–রাফে

নতুন দলে থাকছেন না শিবিরের সাবেক নেতা জোনায়েদ–রাফে

আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলে থাকছেন না ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দুজনই বিষয়টি স্পষ্ট করেছেন। নতুন এই দলে আলী আহসান জোনায়েদকে এই দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাফে সালমানকেও গুরুত্বপূর্ণ পদে রাখার কথা ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সবশেষ গত সোমবার জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আলী আহসান জোনায়েদ, রাফে সালমানসহ চারজন চীন সফরে যান। জোনায়েদ ও রাফে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। জোনায়েদ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাফে আছেন যুগ্ম সদস্যসচিব পদে। জাতীয় নাগরিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে তাঁদের চীন সফরের বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটিতে নানা প্রশ্ন তৈরি হয়। নাগরিক কমিটি এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তিও পাঠিয়েছে।

Advertisement

এমন প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আলী আহসান জোনায়েদ ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে, সেখানে আমি থাকছি না৷ সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদের। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের ওপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম। কিন্তু চারপাশের গুঞ্জন থামছে না। তাই স্পষ্ট করে রাখছি।’

জোনায়েদ আরও লেখেন, ‘দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক, এই প্রত্যাশাই করি। আশা করি, অভ্যুত্থানের সময়ে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, নতুন রাজনৈতিক পথচলায়ও আমাদের পারস্পরিক এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে। নতুন দল, নাহিদ ইসলাম ও নব নেতৃত্বের জন্য শুভকামনা রইল।’

আজ বুধবার ভোরে জোনায়েদের পোস্টটি শেয়ার করে রাফে সালমান লিখেছেন, ‘২৮ ফেব্রুয়ারি ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না। তবে আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না৷ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিল, তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখি যে রাজনীতি একটা লম্বা রেইস। ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্যই আমাদের এই রেইসে টিকে থাকতে হবে।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.