জুলাই হত্যাকাণ্ডের তিন-চারটি মামলার রায় এ বছরের অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গায়েবি মামলা প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারকাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। চলতি মাসে চারটি মামলা তদন্তকাজ শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। তবে এই আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করতে তিন সপ্তাহ সময় লাগবে। আইন অনুযায়ী এই তিন সপ্তাহ সময় ডিফেন্স টিমকে দিতে হয় তাদের প্রস্তুতির জন্য। এরপর ঈদের পর এপ্রিল মাসে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।
তিনি বলেন, যেহেতু এই আদালতে সাক্ষ্যগ্রহণ ঘনঘন হয়। তাই আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে তিন-চারটি মামলার রায় হয়ে যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা আসামি রয়েছেন।
আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই আদালতে জুলাই গণহত্যাকাণ্ডের তিন শতাধিক অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রসিকিউশন অফিস ১৬টি অভিযোগ মামলা হিসেবে দায়ের করেছে।
মুক্তকাল/এসআর




