রাজধানীর মতিঝিলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৫ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর একটি ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসী ভয়াবহ হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় নারী শিক্ষার্থীসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অসংখ্য সাধারণ শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। স্বাধীন বাংলাদেশে যেকোনো ব্যক্তি বা সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার রয়েছে। বিশেষ করে, বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সভা-সমাবেশের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা ক্ষুণ্ণ করে এধরণের পরিকল্পিত হামলা ভয়ঙ্কর উদ্বেগজনক। শান্তিপূর্ণ সভা-সমাবেশে এধরণের ন্যাক্কারজনক হামলা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা ও তাদের স্বপ্নের মুক্ত বাংলাদেশের ওপর আঘাতের শামিল। এধরনের হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।

