শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সার না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকরা জানান, সার কিনতে গাড়াগঞ্জ পুরাতন বাজারের শুভ এন্টারপ্রাইজে গেলে ডিলারের পক্ষ থেকে সার দেওয়া হবে না বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।
প্রায় এক ঘণ্টা অবরোধ চলায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার দেওয়ার ব্যবস্থা করেন। পরে সার বিতরণ শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সারের বিষয়টি নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলেও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষকদের সার পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
