জুলাই ঘোষণাপত্র বা জুলাই প্রোক্লেমেশন নিয়ে মানুষের প্রত্যাশা জানতে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, “প্রোক্লেমেশন অব রিভ্যুলেশনের পক্ষে দেশব্যাপী গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।”
হাসনাত আব্দুল্লাহ বলেন, “অভ্যুত্থানে সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমরা চাই, সরকার দ্রুত এই বিষয়ে কার্যক্রম শুরু করুক। আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।”
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এই কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের কার্যক্রমে গতি আনাই মূল লক্ষ্য।
উল্লেখ্য, জুলাই প্রোক্লেমেশন দেশের ঐতিহাসিক অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
মুক্তকাল/এসআর

