যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিককে ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকার একটি ব্যয়বহুল ফ্ল্যাট বিনামূল্যে দেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, এই ফ্ল্যাটটি কৃতজ্ঞতাস্বরূপ টিউলিপকে হস্তান্তর করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, আবদুল মোতালিফ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং টিউলিপের খালা শেখ হাসিনা ও তার পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ফ্ল্যাটটি ২০০১ সালে ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে কেনা হয়। এর বর্তমান বাজারমূল্য উল্লেখ করা না হলেও, একই ভবনের অন্য একটি ফ্ল্যাট সম্প্রতি ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
ভোটার নিবন্ধন ও ভূমি নিবন্ধন সংক্রান্ত নথি থেকে জানা যায়, টিউলিপ কিংস ক্রসের এই ফ্ল্যাটে বসবাস করতেন, যা পরে তার ভাই-বোনদের ব্যবহারেও ছিল। তবে পার্লামেন্টে দাখিল করা আর্থিক বিবরণীতে টিউলিপ দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করেছেন।
এ বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমসকে একজন ঘনিষ্ঠ ব্যক্তি জানান, মোতালিফের আর্থিক দুর্দিনে টিউলিপের মা-বাবা তাকে সহায়তা করেছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ তিনি নিজের মালিকানাধীন সম্পত্তি টিউলিপকে দেন। তবে মোতালিফ ফ্ল্যাটটির ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
টিউলিপের মুখপাত্র দাবি করেছেন, এই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তবে এই খবর এমন এক সময়ে সামনে এলো, যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ এবং টিউলিপের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে। তদন্তটি গত মাসে শুরু হয়েছে।
