সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবেশী দেশ ভারত থেকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত রক্ষাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ দেশগঠনমূলক বিভিন্ন কাজে বিজিবির ভূমিকা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে এ বাহিনীকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে।’
