৫. ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের দক্ষিণ অঞ্চল। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, দক্ষিণ সুমাত্রায় এই ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়া ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানে এ দেশটিতে।
ভৌগোলিক অবস্থান দেশটিকে কেবল বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি করে তোলেনি বরং এটিকে শক্তিশালী মেগাথ্রাস্ট ভূমিকম্পের ঝুঁকিতেও ফেলেছে।
এর আগে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।


