২০৩৪ বিশ্বকাপ হবে সৌদি আরবে। এ বিশ্বকাপে মদপানের কোনো সুযোগ থাকবে না বলে জানান ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ।
সৌদিতে মদ নিষিদ্ধ। যদিও গতবছর বিদেশি অমুসলিম কূটনীতিকদের জন্য খোলা হয় মদের দোকান, যা ৭০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবার দেখা যায়। বুধবার খালিদ বিন বান্দার জানান, সৌদি আরবে যারা টুর্নামেন্ট দেখতে যাবেন, তাদের উচিত দেশটির সংস্কৃতিকে সম্মান দেখানো। বিশ্বকাপ চলাকালীন তাই উপসাগরীয় অঞ্চলের দেশটির কোথাও মদ বিক্রি হবে না। এমনকি হোটেলেও না। ব্রিটেনে রেডিও ষ্টেশন এলবিসিতে সৌদির রাষ্ট্রদূত বলেন, ‘এ মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়াও অনেকভাবে মজা করা যায়। এটি শতভাগ প্রয়োজনীয় নয়। আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। তবে এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই।’ এক পর্যায়ে তিনি মজা করে বলেন, ‘অনেকটাই আমাদের দেশের আবহাওয়ার মতো, ড্রাই (শুকনো)।’
অ্যালকোহল ছাড়াই দর্শক ও ভক্ত-সমর্থকদের স্বাগত জানানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা কারও জন্য নিজেদের সংস্কৃতি বদলাতে চাই না।’
