Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:12 pm
মুক্তবিশ্ব

রাহুল গান্ধী আটক, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে উত্তপ্ত বিক্ষোভ

রাহুল গান্ধী আটক, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে উত্তপ্ত বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে দিল্লি পুলিশ আটক করেছে। একই কর্মসূচিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়।

কংগ্রেসের এ বিক্ষোভের পেছনে ছিল দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং বলপ্রয়োগের প্রতিবাদ। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে রাহুল গান্ধীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে সরিয়ে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই নিয়ে যেতে দেখা যায়।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাক্রমে রাহুল গান্ধীর নাকে সামান্য আঘাত লাগে এবং রক্তপাতের ঘটনাও ঘটে। কংগ্রেস অভিযোগ করেছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে এবং বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা করছে।

অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বলয় ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।

এ ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কংগ্রেস সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ তুলেছে। অন্যদিকে ক্ষমতাসীন পক্ষ বলছে, নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।

Advertisement