বাংলা সিনেমার প্লে ব্যাকে এন্ড্রু কিশোর পরবর্তী যুগে একসময় দাপিয়ে বেড়িয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার গানে ফিরছেন তিনি।
জানা গেছে, আলোক হাসান নির্মিত অ্যাকশন ঘরানার ছবি ‘টগর’ এ কণ্ঠ দেবেন আসিফ আকবর। গানটির সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস। ‘হবেরে খেলা, কাঁপবে শহর- খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’—এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা।
সিনেমাটি প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম।
আসিফ আকবর বলেন ‘অনেক দিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। এ ছাড়া এখন আমার বয়স বেড়েছে। কিন্তু গানটি খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’
এদিকে টগর সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরি।
এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ।




