কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। এ বছর আল্লাহ দিলে ফসলের ভালো উৎপাদন হয়েছে। পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সামনের দেখার হাওরে বোরো ধান কাটার উদ্বোধন ও মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখার হাওরপাড়ে বোরো ধান কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝড়বৃষ্টিতে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের নিরাপত্তা নিয়ে কৃষকের শঙ্কার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীব লেন, কৃষকরা যদি শঙ্কিত থাকেন, তবে বাঁধনির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরাও সমানভাবে শঙ্কিত থাকবেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখছে।
কৃষি উপদেষ্টা বলেন, কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে, যাতে কোনো মধ্যস্বত্বভোগী উপকৃত না হতে পারে।
যদি ধান বিক্রিতে কোনো সিন্ডিকেট কৃষকদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা ব্যবস্থা নেবো, সব সোজা করে দেবো।
সরকার ইতোমধ্যে ধান, চাল ও গমের ন্যায্যমূল্য নির্ধারণ করেছে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং গম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।




