মুক্তকাল: ২০২৪ সাল ইতিহাসের পাতা ছেয়ে দিয়েছে নানা আলোচিত ঘটনা আর সংগ্রামের মাধ্যমে। বাংলাদেশের জন্য এই বছরটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের কারণে। দীর্ঘদিনের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক নির্যাতন পেরিয়ে স্বৈরতন্ত্রের পতনের পর, দেশের নতুন প্রজন্ম এখন তাকিয়ে আছে এক নতুন স্বপ্নের দিকে—একটি সুন্দর, মানবিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশের দিকে।
জুলাই বিপ্লব শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি ছিল একটি মানসিক জাগরণ, যেখানে তরুণরা দেশকে এগিয়ে নিতে তাদের প্রত্যয় প্রকাশ করেছে বুকের তাজা রক্ত ঝড়িয়ে। ২০২৫ সালকে তাই অনেকেই দেখছেন নতুন আশা এবং নতুন দৃষ্টিভঙ্গির বছর হিসেবে।
২০২৪ এ সারা বিশ্বেও চলেছে সংকট আর সংঘর্ষের করুণ দৃশ্য। বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ, সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক সঙ্কট মানুষকে দিশেহারা করেছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের নির্মমতা যেন মানবাধিকারের প্রতি একটি ভয়াবহ আঘাত। এই সংঘর্ষের ভয়াবহ চিত্র বিশ্ববাসীকে এক গভীর হতাশার মধ্যে ফেলে দিয়েছে।
ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম এবং সেখানে ঘটে যাওয়া মানবিক বিপর্যয় আজ সারা দুনিয়ার জন্য এক ঐতিহাসিক ব্যর্থতার প্রতিচ্ছবি। শিশুদের কান্না, নিরীহ মানুষের মৃত্যু এবং গৃহহীন লক্ষ লক্ষ মানুষের দুর্দশা এই সংঘর্ষের ভয়াবহতা বাড়িয়ে তুলেছে। বিশ্ব নেতাদের অসহায় নীরবতা আর ব্যর্থতা প্রমাণ করে যে, মানবতার সুরক্ষা নিশ্চিত করতে এখনও আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে।
তারপরও শান্তিকামী মানুষ নতুন বছরে আশার আলো দেখছেন। আমরাও আশা করি, বিশ্বজুড়ে চলমান সংকটের অবসান হবে এবং মানুষ নতুন করে সাম্য ও মর্যাদা ফিরে পাবে। ২০২৫ সালের প্রতি এই প্রত্যাশা শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বজুড়ে শান্তি, সৌহার্দ্য এবং ঐক্যের প্রতীক হয়ে উঠুক।
আসুন, আমরা সবাই মিলে এই নতুন বছরটিকে আরও অর্থবহ করে তুলি। ব্যক্তিগত জীবনে হোক বা সমাজে, দেশ গঠনের পথে হোক বা বিশ্বমঞ্চে, মানবিক মূল্যবোধ ও একতার পক্ষে হোক আমাদের প্রতিটি পদক্ষেপ।

