স্টাফ রিপোর্টার
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯নং ঘুষেরপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
আজ শনিবার ২৫ অক্টোবর সকাল ৭টার দিকে ইউনিয়নের আমৃত্তি পূর্ব পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন সুরুজ্জামান (৬৫), তার স্ত্রী আনোয়ারা (৬০) ও ছেলের বউ জান্নাত (২০)। বর্তমানে তারা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত সুরুজ্জামান দীর্ঘদিন ধরে তার নিজস্ব ৩১ শতাংশ কৃষিজমিতে চাষাবাদ করে আসছিলেন। ওই জমির মালিকানা নিয়ে প্রতিবেশী নুরনবীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে নামাজ শেষে সুরুজ্জামান জমিতে কাজ করতে গেলে দেখতে পান, নুরনবী ও তার অনুসারীরা সেখানে কালাই ফসল রোপণ করছেন।
এ সময় তিনি বাধা দিলে নুরনবী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। সুরুজ্জামান মাটিতে লুটিয়ে পড়লে চিৎকার শুনে তার স্ত্রী ও ছেলের বউ ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহত সুরুজ্জামান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নুরনবী আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। আমি দিতে রাজি না হওয়ায় আজ আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা করেছে।




