Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:59 pm
অন্যান্য

জামায়াত নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। তবে সরকার গঠন হলে কে কোন দায়িত্বে আসবে কিংবা ক্ষমতার কাঠামো কীভাবে হবে—এ বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। বিষয়গুলো পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাসহ এই এলাকার সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “এই আসনে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা করা হয়েছে। এটি যেন মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে। আমরা আর কোনো মৃত্যু দেখতে চাই না।” নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে নগরের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি।
দল থেকে কয়েকজন নেতার পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এনসিপি বাস্তবভিত্তিকভাবে দল গঠনের পথে এগোচ্ছে। বিএনপি কিংবা জামায়াত—উভয় পক্ষের সঙ্গেই কিছু দ্বিমত রয়েছে, তবে সেই দ্বিমতকে তারা সম্মান করেন। তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো আদর্শিক জোট নয়; বরং সংস্কার, বিচার ও অর্থনীতিসহ বিভিন্ন মৌলিক বিষয়ে একমত হওয়ার ভিত্তিতেই এই জোট গঠিত হয়েছে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই আসনে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। উল্লেখ্য, ঢাকা-৮ আসনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

Advertisement
Advertisement