Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

জামালপুরে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান, জামালপুর শহর প্রতিনিধি

জামালপুর, ২৯ সেপ্টেম্বর (সোমবার):
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সকালে র‍্যালিটি শহরের সফির মিয়ার বাজার থেকে শুরু হয়ে তমালতলা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, “বাংলাদেশে ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অপচেষ্টা চলছে। মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক ও ছাত্রদের ভুল পথে পরিচালিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে, ইসলাম রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। যদি কেউ ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করতে চান, তবে ইসলামের লেবাস বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গনে আসুন।”

তিনি আরও বলেন, “ইসলাম আমাদের ৯০ ভাগ মানুষের প্রাণের ধর্ম। এটি কোনো দলের রাজনৈতিক শক্তির মাধ্যম হতে পারে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান, তাদের সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আজ দেশে কিছু দালালচক্র বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ইসলামকে ব্যবহার করছে, যা দেশের মানুষ মেনে নেবে না।”

স্বাধীনতা বিরোধী ও রাজনৈতিক দালালদের সমালোচনা করে তিনি বলেন, “স্বাধীনতার পর যারা দালালি করেছে, তারা এক সময় বিএনপির সঙ্গে, আবার আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে, এখন নতুন একটি দলের (এনসিপি) সঙ্গে যুক্ত হয়েছে। তারা বলছে, তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে — এসব বিভ্রান্তিকর কথায় কেউ যেন না পড়ে।”

তিনি ওলামা দলের নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, “আপনারা এসব দালাল থেকে সাবধান থাকুন। ওলামা সমাজকে ইসলাম রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।”

জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “তিনি সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করে ইসলামকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। তিনি সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন।”

তিনি দাবি করেন, “বিএনপি গত ১৭ বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ইসলামপ্রিয় জনতার পক্ষে জীবন বাজি রেখে সংগ্রাম করে যাচ্ছে। ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় গেলে ইসলাম সবচেয়ে নিরাপদ থাকবে।”

সমাবেশের শেষ মুহূর্তে তিনি সকল নেতা-কর্মীদের জাতীয়তাবাদী দলীয় প্রতীকে ভোট দিয়ে দলকে বিজয়ী করার আহ্বান জানান এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।

Advertisement