মোহাম্মদ গোলাম মোস্তফা ||
কুড়িগ্রামের রাজিবপুরের দক্ষিণ চর সাজাই ইউনিয়নের পাখিউড়া বাজারসংলগ্ন দারুল উলুম রশীদিয়া কওমি মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, কৃষি উদ্যোগেও সফলতার অনন্য নজির স্থাপন করেছে।
মাদ্রাসাটির মোহতামিম মুফতী নজরুল ইসলাম কাসেমীর তত্ত্বাবধানে বর্তমানে ১৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী নিয়মিত অধ্যয়ন করছে। গত আট বছর ধরে পুরুষ শাখায় হেদায়াতুন নাহু এবং মহিলা শাখায় কুদুরী জামায়াত পর্যন্ত ধারাবাহিকভাবে সন্তোষজনক ফলাফল করে আসছে প্রতিষ্ঠানটি।
হিফজুল কোরআন বিভাগেও প্রশংসনীয় অগ্রগতি লক্ষণীয়—গত দুই বছরে একজন ছাত্র সম্পূর্ণ কোরআন মুখস্থ করে সফলভাবে খতম সম্পন্ন করেছে এবং অদূর ভবিষ্যতে আরও ২–৩ জন শিক্ষার্থী হিফজ সমাপ্ত করবে ইনশাআল্লাহ।
শিক্ষার পাশাপাশি মাদ্রাসাটি অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে কৃষি খাতে কার্যকর ভূমিকা রাখছে। বর্তমানে ৬ শতক জমিতে লাউ চাষ করে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার টাকার অধিক আয় হয়েছে। আসন্ন মৌসুমে এই লাউ ক্ষেত থেকে আরও ৩০ হাজার টাকা বা তার বেশি আয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া নতুনভাবে প্রায় ৭ লক্ষ টাকার ব্যয়ে ভরাটকৃত জমিতে বেগুনের চাষ শুরু হয়েছে। বর্তমানে বেগুন গাছে কুঁড়ি, ফুল ও ফল আসতে শুরু করেছে।
সহকারী শিক্ষক মাওলানা সাজিদুল ইসলাম রাজিবপুরী জানান, প্রায় ১৫ শতক জমির বেগুন বিক্রি করে কমপক্ষে ১ লক্ষ টাকা আয় হবে ইনশাআল্লাহ।
যদিও জমি ভরাটের জন্য নেওয়া মাটি কাটার কিছু বকেয়া অর্থ এবং কর্জে হাসানার ঋণ এখনো পরিশোধ বাকি রয়েছে, তবে মাদ্রাসা কর্তৃপক্ষ আল্লাহর রহমত ও দাতাগণের আন্তরিক সহযোগিতায় এই দায় মেটাতে আশাবাদী।
মাদ্রাসা কর্তৃপক্ষের বিশ্বাস, শিক্ষা ও কৃষিকে একত্রে এগিয়ে নেওয়ার এই সমন্বিত উদ্যোগ একদিকে যেমন প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলবে, তেমনি শিক্ষার্থীদের জন্যও এটি হবে একটি বাস্তবমুখী ও উজ্জ্বল দৃষ্টান্ত।

