Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:49 pm
অন্যান্য

মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জের মধ্যে নৌপথের পরিবর্তে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে “সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে হাজারো মানুষ অংশ নেন।

Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ ও সারিয়াকান্দি উপজেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে মাদারগঞ্জের জামথল ঘাট থেকে সারিয়াকান্দির কালিতলা ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা। বর্তমানে দুই উপজেলার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ হওয়ায় নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, বেলাল হোসেন, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, মাদারগঞ্জ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি, ব্যবসায়ী আব্দুর রহিম সোনা মোল্লা, মাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা আরও বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ হলে মাদারগঞ্জ ও সারিয়াকান্দির মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এতে দুই উপজেলার অর্থনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক গতি আসবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement