মাদারগঞ্জ প্রতিনিধি:
“বিট পুলিশিং, বাড়ি বাড়ি—নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া বাজারে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির আয়োজনে এবং মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে বিকাল সাড়ে চারটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসআই শাজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান জিয়া, পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম বিএসসি এবং সমাজসেবক মোজাফফর হোসেন মোজা।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বিট পুলিশিং কার্যক্রমকে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সমাজ থেকে ইভটিজিং ও মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান।




