Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:35 pm
ইসলামপুর

মেলান্দহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেলান্দহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরের মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মেলান্দহ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ আধুনিক অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। বক্তব্যে তিনি বলেন, “বিএনপির ৪৮ বছরের গৌরবময় পথচলার মূল শক্তি জনগণ; দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য দেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবীর মুঞ্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি আলহাজ্ব এম. রফিকুল ইসলাম রহিম, সহসভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement