Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:33 pm
বকশীগঞ্জ

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৬ মাসের কারাদণ্ড, ৫ ড্রেজার জব্দ-ধ্বংস

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৬ মাসের কারাদণ্ড, ৫ ড্রেজার জব্দ-ধ্বংস

মোহাম্মদ গোলাম মোস্তাফা।।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বাবুল মিয়া (২৫) নামে এক অবৈধ বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার পোল্লাকান্দি, সবুজপুর ও বাসেতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীর থেকে তিনটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সময়ে সবুজপুর এলাকায় জিঞ্জিরাম নদীর তীর থেকে আরও দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে বাসেতপুর এলাকা থেকে অবৈধ বালু ব্যবসায়ী বাবুল মিয়াকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার বাসেতপুর ঝালরচর এলাকার সোনা মিয়ার ছেলে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন,
“নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”

Advertisement