মো. আবুসাঈদ গালিব | মুক্তকাল রিপোর্টার
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের জিল বাংলা সুগার মিলস লিমিটেডে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় মিল প্রাঙ্গণে ঔষধি গাছ নিম ও ফলজ গাছ নারিকেলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ইনচার্জ কৃষিবিদ মো. ফেরদৌসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (অর্থ) শরিফ মো. জিয়াউল হক, জেনারেল ম্যানেজার (কারখানা) মো. খালেদ মাহমুদ, জেনারেল ম্যানেজার (কৃষি) মো. কাওছার আলী সরকার, জেনারেল ম্যানেজার (প্রশাসন) ও জিয়া পরিষদের সদস্য মো. রকিবুল হক, ব্যবস্থাপক (তড়িৎ) মাহাবুবুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (সম্প্রসারণ) মুহাম্মদ আলাউদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (বীজ পরিদর্শন ও কৃষিতত্ত্ব) মো. মোস্তাফিজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ঋণ) মো. জহিরুল ইসলাম সরকার, জিল বাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. রায়হানুল আজিম ইমরানসহ মিলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. ফেরদৌসুল আলম বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে একটি সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে জিল বাংলা সুগার মিলস জামে মসজিদের পেশ ইমামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করা হয়।
