জাবিপ্রবি প্রতিনিধি ||
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নারীদের আত্মরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বহ্নিশিখার উদ্যোগে ‘বলীয়ান নারী’ শীর্ষক সাত দিনের বিশেষ প্রশিক্ষণ সেশন শুরু হয়েছে।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল, স্বাস্থ্য সচেতনতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির বিভিন্ন দিক শিখছেন।
প্রশিক্ষণ সেশনে শুধু শারীরিক আত্মরক্ষার কৌশল নয়, মানসিক দৃঢ়তা এবং সামাজিক সচেতনতার দিকগুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে।
অংশগ্রহণকারীরা শিখছেন কিভাবে বিপদজনক পরিস্থিতিতে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে সাধারণ জিনিসপত্রকেও আত্মরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় এবং কিভাবে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব।
এ উদ্যোগে নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে একজন গাইনোকোলজিস্টও অংশ নিয়েছেন, যিনি নারী স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও জরুরি স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই সেশন থেকে শুধু আত্মরক্ষার কৌশল নয়, বরং সামাজিক জীবনে নিরাপদ ও আত্মবিশ্বাসী হয়ে চলার প্রেরণাও পাচ্ছেন।
সংগঠনটির আহ্বায়ক মানতাশা নুসরাত জামান প্রকৃতি জানান, “সেশনটি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক কিছু শিখছি।”
যুগ্ম আহ্বায়ক তাসমিয়া ইয়াছমিন মুমু বলেন, “আমাদের লক্ষ্য নারীদের আত্মবিশ্বাসী ও সচেতন করে তোলা।”
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শাইরা ফিদ্দা বিনতে, সদস্য সচিব চাঁদনী আক্তার রিয়া এবং সদস্য রিফা তানবিন।



