নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।
প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শুরুর আগে সংসদ সদস্যদের ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।
এরপর নির্ধারিত স্থানে রাখা ব্যালটবাক্সে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। পরে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান ভোট প্রদান করেন। এরপর একে একে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে। গণনা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা, বাতিল বা নষ্ট ভোটের সংখ্যা এবং সংখ্যাগরিষ্ঠ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে। নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।




