ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দূরপাল্লার পরিবহনে প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তোলার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজের দপ্তরের সামনে সাংবাদিকদের তিনি জানান, “আমরা বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বসেছিলাম। গত ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। এবারও যেন তেমনই হয়, সেই আশায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “গতবার সরকার নির্ধারিত ভাড়ায় মানুষ যাতায়াত করেছিল। তবে ফেরার পথে কিছু এলাকায় ভাড়ার অনিয়ম দেখা গেছে। এবার যাওয়া ও ফেরার উভয় পথেই যেন সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়, সেজন্য মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা এতে সম্মত হয়েছে।”
ড্রাইভারদের দক্ষতা নিয়ে উপদেষ্টা বলেন, “প্রতি ঈদেই দেখা যায়, অদক্ষ ড্রাইভারদের দিয়ে বাস চালানো হয়, যার ফলে দুর্ঘটনা ঘটে। এবার আমরা অনুরোধ করেছি—অদক্ষ কেউ যেন চালকের আসনে না বসে।”
যাত্রী সেজে ডাকাতি প্রতিরোধে নতুন পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, “দূরপাল্লার প্রতিটি বাসে যাত্রী উঠার সময় তাদের ছবি তুলতে হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শুরু করে শেষ স্টপেজ পর্যন্ত যেখানেই যাত্রী উঠবে, সেখানেই ছবি নিতে হবে। উদাহরণস্বরূপ, আমিনবাজার থেকে যাত্রী উঠানো হলে সেখানেই ছবি তুলে দরজা বন্ধ করতে হবে। যদি সাভার থেকেও যাত্রী ওঠানো হয়, তবে সেখানেও একই ব্যবস্থা থাকবে।”
তিনি আরও জানান, “প্রতিটি বাসে তিনজন করে স্টাফ থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে তারা তাৎক্ষণিকভাবে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।”




