এবারের ঈদের ট্রেনযাত্রার জন্য আজ শুক্রবার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনভিত্তিক এই বিক্রিতে ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ২০ লাখ হিট পড়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ২০ লাখ হিট পড়ে।
এদিকে দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
কোন তারিখে ট্রেনের কোন টিকিট
১৪ মার্চ দেয়া হবে ২৪ মার্চে টিকিট, ১৫ মার্চ দেয়া হবে ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ জুনের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের, ১৯ মার্চ ২৯ মার্চের, ২০ মার্চ ৩০ মার্চের টিকিট দেয়া হবে।
গত ৬ মার্চ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছিলেন, এবার ঈদ উপলক্ষে মোট পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি।




